অন্ধকারে স্বাস্থ্যমন্ত্রী! মন্ত্রণালয়ের ভেতরে কি গড়ে উঠছে ক্ষমতার আলাদা বলয়?

এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী, ইউনিয়ন থেকে সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যন্ত নতুন স্বাস্থ্যকেন্দ্র, আর প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য সম্পূর্ণ নতুন একটি অধিদপ্তর এমন বিশাল পরিকল্পনা এগোচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য হলো, যাঁর মন্ত্রণালয়, সেই স্বাস্থ্যমন্ত্রীই বলছেন তিনি কিছু জানেন না।

‘কোনো অধিদপ্তর হবে না, আমি জানি না এই ব্যাপারে। উনাকে জিজ্ঞেস করবেন, আমি জানি না।’ নতুন অধিদপ্তর নিয়ে প্রশ্ন করা হলে এভাবেই প্রতিক্রিয়া জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

অথচ কাগজে-কলমে কাজ থেমে নেই। দ্য ডেইলি ক্যাম্পাস জানিয়েছে, গত ৬ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘Department of Primary Health Care (DPHC)’ গঠনের প্রস্তাব আলোচিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। গঠিত সাত সদস্যের কমিটিকে ২০ কর্মদিবসের মধ্যে অধিদপ্তরের রূপরেখা, জনবল কাঠামো, ক্যারিয়ার পরিকল্পনা ও কার্যপরিধি ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে।

তাহলে মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নিচ্ছেন কে? মন্ত্রী এক কথা বলছেন, সচিবের কমিটি চলছে আরেক পথে, আর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর অবস্থান মন্ত্রীর বক্তব্যের সঙ্গে মিলছে না। এটি কি নিছক সমন্বয়ের ঘাটতি, নাকি রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও বিশেষ সহকারীকে ঘিরে পৃথক ক্ষমতার বলয় তৈরির ইঙ্গিত?

স্বাস্থ্য খাত ব্যক্তিগত প্রভাব বিস্তার বা ক্ষমতার দ্বন্দ্বের মঞ্চ নয়। এখানে প্রতিটি ভুল সিদ্ধান্তের দাম দিতে হয় সাধারণ রোগীকে। এক লাখ পদে নিয়োগ আর বিদ্যমান জনবল একীভূতকরণের মতো কাজে স্বচ্ছতা না থাকলে পদ-পদবির বিরোধ ও নিয়োগ-বাণিজ্যের ঝুঁকি বাড়বে বহুগুণ।

তাই প্রশ্নগুলো এখন সরাসরি। স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিজের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানার দায়িত্ব কার? সচিবের কাছে মন্ত্রীর সঙ্গে সমন্বয় ছাড়া এমন কাঠামোগত উদ্যোগ কতটা যৌক্তিক? আর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কাছে প্রস্তাবটি কি সরকারের আনুষ্ঠানিক নীতিগত সিদ্ধান্ত, নাকি এখনো আলোচনার টেবিলে? মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের খেসারত যেন সাধারণ মানুষকে দিতে না হয় এই নিশ্চয়তা সরকারকেই দিতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।