বরাদ্দ ৬৯ হাজার কোটি, খরচ করতে না পেরে ফেরত ১০ হাজার কোটি! মন্ত্রীর স্বীকারোক্তিতে স্বাস্থ্য খাতে প্রশ্নের পাহাড়

চিকিৎসক-নার্সের সংকট, ডিপিপি জটিলতা আর নিয়োগের সংখ্যায় গরমিল সবকিছু মেনে নিয়েও দৃশ্যমান উন্নয়নের জন্য আরও এক বছর সময় চাইলেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু রোগীরা কি তত দিন অপেক্ষা করতে পারবেন?

চলতি অর্থবছরে দেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় ৬৯ হাজার কোটি টাকা। অথচ উন্নয়ন প্রকল্পের ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) যথাসময়ে প্রস্তুত ও বাস্তবায়ন করতে না পারায় এর মধ্যে প্রায় ১০ হাজার কোটি টাকা সম্পূরক বাজেটের মাধ্যমে ফেরত যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই তথ্য দিয়েছেন খোদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ আয়োজনে ‘বাংলাদেশে ২০৪০ সাল নাগাদ স্বাস্থ্যকর্মীর চাহিদা ও সরবরাহের প্রক্ষেপণ’ শীর্ষক প্রতিবেদন অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতার কথাও অকপটে স্বীকার করেন।

কিন্তু যে খাতে হাসপাতালের শয্যা থেকে শুরু করে চিকিৎসক, নার্স, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সবকিছুরই ঘাটতি, সেই খাতের বরাদ্দের প্রায় সাত ভাগের এক ভাগ অব্যবহৃত থেকে যাওয়ার দায় কার? প্রকল্প প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়নের দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের জবাবদিহি কোথায় এই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে।

নিয়োগের চার সংখ্যা, স্পষ্টতা নেই কোনোটিরই

স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় সংকট জনবল। সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপের তুলনায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী অপর্যাপ্ত। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে পর্যাপ্ত প্রণোদনা ও কর্মপরিবেশের অভাবে চিকিৎসক ধরে রাখাই কঠিন হয়ে পড়েছে।

মন্ত্রী জানান, চিকিৎসক ও নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বক্তব্যের বিভিন্ন পর্যায়ে নিয়োগ প্রসঙ্গে ৫ হাজার ৮০০-এর বেশি, ৫ হাজার, ৫ হাজার ৮৩৫ এবং ৮ হাজার ৫৩৮ এমন একাধিক সংখ্যা উঠে আসে। কোন সংখ্যা কোন নিয়োগপ্রক্রিয়া, কোন পদ বা কোন সময়সীমার সঙ্গে সম্পর্কিত, তা স্পষ্ট করা হয়নি।

এর পাশাপাশি ২৫ হাজার মিডওয়াইফ এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ বা প্রস্তুত করার পরিকল্পনার কথাও জানানো হয়। কিন্তু এসব পরিকল্পনার সময়সূচি, অর্থায়ন, নিয়োগের অগ্রগতি ও মাঠপর্যায়ে পদায়নের সুনির্দিষ্ট তথ্য ছাড়া কেবল সংখ্যার ঘোষণায় জনবল সংকট কাটবে না।

‘আরও এক বছর’—রোগীর কাছে এর মানে কী?

বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়, স্বাস্থ্য খাতের দৃশ্যমান উন্নয়নের জন্য আরও এক বছর সময় লাগতে পারে। কিন্তু যে রোগী চিকিৎসকের দেখা পেতে দীর্ঘ লাইনে দাঁড়ান, যে মা সন্তান কোলে উপজেলা থেকে জেলা হাসপাতালে ছোটেন, কিংবা যিনি প্রয়োজনীয় পরীক্ষা ও ওষুধ বাইরে থেকে কিনতে বাধ্য হন তাঁদের কাছে ভবিষ্যতের প্রতিশ্রুতির চেয়ে আজকের চিকিৎসাই জরুরি।

স্বাস্থ্য খাতের উন্নয়ন কোনো এক বছরের ঘোষণায় মাপা যায় না; এর প্রমাণ মিলতে হবে হাসপাতালের সেবার মান, চিকিৎসকের উপস্থিতি, নার্সের সংখ্যা, ওষুধের প্রাপ্যতা এবং রোগীর চিকিৎসা ব্যয়ের বাস্তব পরিবর্তনে।

ডেঙ্গুর দায় কি শুধু নাগরিকের?

ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্যে নাগরিকদের আচরণ, বাসাবাড়িতে জমে থাকা পানি, অপরিচ্ছন্ন নালা ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কথা উঠে আসে। জনসচেতনতার গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। তবে মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নালা-নর্দমা পরিষ্কার এবং কার্যকর নজরদারি নিশ্চিত করা স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরই দায়িত্ব। ব্যর্থতার কারণ খুঁজতে হলে নাগরিক আচরণের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি, সমন্বয় ও জবাবদিহিও সামনে আনতে হবে।

ক্যানসার নিয়ে বক্তব্যে বৈজ্ঞানিক সতর্কতা জরুরি

বক্তব্যে একটি বিদেশি হাসপাতালের প্রধান নির্বাহীর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে স্তন ও জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকির সঙ্গে সন্তান না নেওয়া, বুকের দুধ না খাওয়ানো কিংবা বিয়ে না করার সম্পর্কের কথা বলা হয়।

বিশেষজ্ঞ তথ্য অনুযায়ী, স্তন ক্যানসারের ঝুঁকি বয়স, পারিবারিক ইতিহাস, জিনগত বৈশিষ্ট্য, প্রজনন-ইতিহাস ও জীবনযাপনসহ বহু বিষয়ের সঙ্গে যুক্ত। আর জরায়ুমুখের ক্যানসারের প্রধান কারণ উচ্চঝুঁকির হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (HPV) দীর্ঘস্থায়ী সংক্রমণ। বিয়ে না করা বা সন্তান না নেওয়াকে জরায়ুমুখের ক্যানসারের সরাসরি কারণ হিসেবে উপস্থাপন করা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। নীতিনির্ধারকের মুখে এমন বক্তব্য জনমনে ভুল ধারণা ছড়াতে পারে।

HPV টিকায় ৯০ শতাংশ কভারেজের দাবি

মন্ত্রী জানান, HPV টিকাদানের আওতা আগে ২ থেকে ৩ শতাংশের মধ্যে থাকলেও এখন তা প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে। ১০ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১৯ লাখ মেয়েকে টিকার আওতায় আনা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে শতভাগ কভারেজের লক্ষ্য রয়েছে। উদ্যোগটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এই হিসাব কোন সময়সীমা, কোন জনগোষ্ঠী ও কোন তথ্যসূত্রের ভিত্তিতে করা এবং প্রথম ডোজ ও পূর্ণ ডোজ সম্পন্নের হার আলাদাভাবে কত তা প্রকাশ করা প্রয়োজন।

ঘোষণা নয়, জবাবদিহিই হোক মাপকাঠি

প্রায় ১০ হাজার কোটি টাকা কেন ব্যয় করা গেল না, কোন কোন প্রকল্প আটকে গেল, নিয়োগের ঘোষণাগুলো কত দূর এগিয়েছে আর হাসপাতালের জনবল সংকট কবে কাটবে এসব প্রশ্নের স্পষ্ট উত্তর প্রয়োজন। স্বাস্থ্য খাতের উন্নয়ন বাজেটের অঙ্কে কিংবা মঞ্চের বক্তব্যে নয়, দৃশ্যমান হয় হাসপাতালের সেবায়, রোগীর স্বস্তিতে আর চিকিৎসা ব্যয় কমার বাস্তবতায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।