স্বাস্থ্যমন্ত্রীর ছত্রছায়ায় বদলি-বাণিজ্য: আবারও চেয়ারে ফিরছেন বিগত আমলের সুবিধাভোগীরা

আওয়ামী আমলের সুবিধাভোগীরাই টাকার জোরে ফিরছেন লোভনীয় পদে পাঁচ প্রশ্নে বদলি-বাণিজ্যের ভেতর-বাহির

স্বাস্থ্যখাতে সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো অধরা। আওয়ামী লীগ আমলে মন্ত্রণালয় যেভাবে চলত, বিএনপি সরকারের সময়েও চলছে ঠিক সেভাবেই। বদলেছে শুধু পৃষ্ঠপোষক। পুরনো সিন্ডিকেটগুলো নতুন করে ‘লাইন’ ঠিক করে নিয়েছে, আর তাদের ঘিরে মন্ত্রণালয়ের ভেতরেই দাঁড়িয়ে গেছে একটি শক্তিশালী বলয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ থেকে যে চিত্র উঠে এসেছে, তা সাজানো হলো পাঁচটি প্রশ্নে।

একসময় যাঁদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল, তাঁরাই এখন নতুন ক্ষমতাকেন্দ্রের ঘনিষ্ঠ। আর যে কর্মকর্তারা পরিবর্তনের আশায় ছিলেন, তাঁরা দেখছেন নিয়ম বদলায়নি, বদলেছে শুধু যাঁকে ‘সন্তুষ্ট’ করতে হয় তাঁর নাম।

কে চালাচ্ছেন এই বলয়?

সূত্রগুলোর অভিযোগ, বলয়টির কেন্দ্রে আছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পার) মো. মুস্তাফিজুর রহমান। মন্ত্রণালয়ে তিনি পরিচিত স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের ‘ডান হাত’ হিসেবে, আর মন্ত্রীর ছত্রছায়াতেই তাঁর এই প্রভাব। পার অধিশাখার দায়িত্বে থাকায় নিয়োগ, বদলি ও পদোন্নতি তিনটিরই নিয়ন্ত্রণ তাঁর হাতে। সংশ্লিষ্টদের ভাষায়, তাঁর ইচ্ছের বাইরে মন্ত্রণালয়ে কিছুই হওয়া সম্ভব নয়। একজন কর্মকর্তা কোথায় বসবেন, কতদিন থাকবেন, কে পদোন্নতি পাবেন আর কে বঞ্চিত হবেন এই সব সিদ্ধান্তের চাবি যখন এক টেবিলে, তখন সেই টেবিল ঘিরে সিন্ডিকেট গড়ে ওঠাই স্বাভাবিক।

দর কত, ঠিক করল কে?

অভিযোগ রয়েছে, দর ঠিক করে দিয়েছেন তিনি নিজেই অর্থাৎ এটি দরকষাকষির বিষয় নয়, আগে থেকে বেঁধে দেওয়া একটি তালিকা। ঢাকার বাইরে বদলির জন্য ৫ লাখ, ঢাকার আশেপাশে ১০ লাখ, আর ঢাকার মধ্যে ১৫ লাখ টাকা। পদের গুরুত্ব বাড়লে অঙ্কটা ২০ লাখ ছাড়িয়ে যায়। অর্থাৎ বদলি এখন আর প্রশাসনিক প্রয়োজনের বিষয় নয়, এটি নির্ধারিত মূল্যের একটি পণ্য। হিসাব বলছে, রাজধানীর একটি চেয়ারের দাম ঢাকার বাইরের পদের ঠিক তিন গুণ; পদ যত গুরুত্বপূর্ণ, দর তত চড়া। প্রতিটি পদায়নে ৫ থেকে ১৫ লাখ টাকার লেনদেন মিলিয়ে এই বাজার এখন কোটি কোটি টাকার।

পদ কিনছেন কারা, কেন তাঁরাই?

এত বড় অঙ্ক সবার পক্ষে দেওয়া সম্ভব নয়। সূত্রগুলো বলছে, যাঁরা দিতে পারছেন তাঁদের বড় অংশ ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে অবৈধ উপায়ে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। তাঁদের টাকা আছে, দুর্নীতি-লুটপাটের ফন্দিফিকির জানা আছে, সেই সাহসও আছে। সবচেয়ে বড় কথা, কীভাবে সব মহলকে ম্যানেজ করতে হয়, সেটি তাঁরা ভালোই জানেন। এ কারণে স্বাস্থ্যখাতের বর্তমান নীতিনির্ধারকদের পছন্দও তাঁরাই। ফলে যাঁদের বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে জবাবদিহির মুখে পড়ার কথা ছিল, তাঁরাই টাকার জোরে ফিরছেন লোভনীয় পদে। অন্যদিকে যোগ্য হয়েও যাঁদের দেওয়ার মতো টাকা নেই, তাঁরা পড়ে থাকছেন পেছনে।

৪. কেলেঙ্কারি হলে কী হয়?

টাকার বিনিময়ে বিতর্কিত কর্মকর্তাদের আকর্ষণীয় পদে বসাতে গিয়ে বারবার বিপাকে পড়ছে মন্ত্রণালয়। কেলেঙ্কারি জানাজানি হলে পদায়ন বাতিল করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক, বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং বরিশালের সিভিল সার্জন পদে পদায়নের ঘটনা তার উদাহরণ; এমন ঘটনা আরও অনেক। কিন্তু প্রশ্ন থেকেই যায় আদেশ বাতিল হলেও যাঁদের সিদ্ধান্তে বিতর্কিত পদায়ন হলো, তাঁদের কি কোনো জবাবদিহি হয়েছে? যাচাই-বাছাই ছাড়া এসব আদেশ জারি হলো কীভাবে, কার সুপারিশে? আর বাতিলের পর আগাম লেনদেন হওয়া টাকার কী হলো? ফেরত গেল, নাকি পরের কোনো পদায়নে ‘সমন্বয়’ করা হলো?

ক্ষতিটা কার?

সংশ্লিষ্টরা বলছেন, প্রথম ক্ষতি সরকারের ভাবমূর্তির। বারবার পদায়ন দিয়ে আবার বাতিল করার ঘটনা প্রশাসনের সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলছে। তবে সবচেয়ে বড় ক্ষতি সাধারণ মানুষের। লাখ টাকায় চেয়ার কেনা একজন কর্মকর্তার কাছে সেবার চেয়ে বিনিয়োগ তুলে আনার তাড়াই বেশি থাকবে এ আশঙ্কা অমূলক নয়। স্বাস্থ্যখাতে সেই তাড়ার খেসারত দিতে হয় রোগীকে। সরকারি হাসপাতালে যাঁরা চিকিৎসা নিতে যান, তাঁদের বেশিরভাগই নিম্ন ও মধ্যবিত্ত; পদ কেনাবেচার এই সংস্কৃতির সবচেয়ে বড় শিকারও তাঁরাই। যে হাসপাতালে শয্যা, ওষুধ আর জনবলের ঘাটতি নিত্যদিনের, সেখানে প্রশাসনিক পদ কেনাবেচা সংকটকে আরও গভীর করে।

স্বাস্থ্যখাতের উন্নতি তাই এখনো অধরা। মন্ত্রণালয়কেন্দ্রিক এই বলয় না ভাঙলে সরকার বদলালেও এই খাতের চিত্র বদলানোর আশা ক্ষীণ। বদলি-বাণিজ্যের অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত তাই এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।