স্বাস্থ্যসেবার নতুন নকশা: বাড়ি বাড়ি স্বাস্থ্যকর্মী, উপজেলায় আইসিইউ

অন্তত দুই মাস পরপর বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা। প্রয়োজন হলে রোগীকে পাঠাবেন উপজেলা হাসপাতালে, যেখানে আইসিইউ, ডায়ালাইসিস ও ক্যানসার স্ক্রিনিংয়ের মতো বিশেষায়িত সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। দেশের স্বাস্থ্যসেবাকে এভাবে ঢেলে সাজাতে বড় ধরনের সংস্কার ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার।

চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে রেকর্ড ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে, যা এই পরিকল্পনারই অংশ। বিপুলসংখ্যক চিকিৎসক-নার্স নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং বিভাগীয় পর্যায়ে ক্যানসার চিকিৎসার সুযোগ তৈরির উদ্যোগও এতে আছে।

এই উদ্যোগের পটভূমি তুলে ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের ভাষ্য, দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা স্বাস্থ্য অবকাঠামোকে দুর্বল করে দিয়েছে। ইউনিয়ন ও উপজেলার অনেক স্বাস্থ্যকেন্দ্রে বছরের পর বছর প্রয়োজনীয় সংস্কার হয়নি। তাই বিচ্ছিন্ন প্রকল্প নয়, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পুরো ব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার।

তৃণমূলে ১৬ হাজারের বেশি হাব ও কেন্দ্র

তৃণমূলের সেবার জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ১৪ হাজার ৬৩৪টি প্রাথমিক স্বাস্থ্যসেবা হাব ও ১ হাজার ৬৩১টি কেন্দ্র স্থাপনের প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৯৯৩ কোটি টাকার বেশি। প্রায় ১ লাখ ৪০ হাজার স্বাস্থ্যকর্মী এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের পাশাপাশি সেখানে আধুনিক সরঞ্জাম ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল

৫০৩টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বাড়াতে প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ৪৪ হাজার ৭৫৭ কোটি ৩৮ লাখ টাকার বেশি। ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর মেয়াদে পর্যায়ক্রমে শয্যা ও সেবা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। করোনারি কেয়ার, জরুরি চিকিৎসা এবং শিশু ও মাতৃস্বাস্থ্যসেবাও যুক্ত করার পরিকল্পনা আছে।

উপজেলা পর্যায়ে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফিসহ প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি দূর করতে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র ডাকার প্রস্তুতিও চলছে।

বিভাগে বিভাগে ক্যানসার চিকিৎসা

সরকারের লক্ষ্য, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আট বিভাগে পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসা চালু করা। এ জন্য ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর ও পাঁচটি রোবোটিক সার্জারি যন্ত্র সংগ্রহের পরিকল্পনা আছে। এ ছাড়া ৫৩৫ কোটি ৫৪ লাখ টাকার একটি প্রকল্পের আওতায় গড়ে তোলা হবে পাঁচটি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস।

চিকিৎসক থেকে মিডওয়াইফ: নিয়োগের ছক

ভবন ও যন্ত্রপাতির পাশাপাশি জনবলেও জোর দেওয়া হচ্ছে। ৫ হাজার চিকিৎসক এবং প্রথম পর্যায়ে ৩০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ২ হাজার ৫০০ নার্স নিয়োগেরও উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ২৫ হাজার মিডওয়াইফ এবং অতিরিক্ত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে সাভারে গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম স্বাস্থ্য ব্যবস্থাপনা ইনস্টিটিউট, যা আগামী ১ জানুয়ারি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সিভিল সার্জনরা ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ পাবেন।

পরিকল্পনা মাঠে নামানোই আসল কাজ

এই পরিকল্পনার বড় দিক হলো, এটি চিকিৎসাসেবাকে শহর ও বড় হাসপাতালকেন্দ্রিক না রেখে প্রান্তিক মানুষের ঘরে পৌঁছানোর কথা বলছে। প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের তুলে ধরা এই লক্ষ্য এবং প্রতিরোধমূলক সেবা ও জনবল বৃদ্ধির ওপর জোর দীর্ঘদিনের বৈষম্য কমাতে সহায়ক হতে পারে। তবে বাস্তব ফল মিলবে তখনই, যখন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়িত হবে, নিয়োগ স্বচ্ছ হবে, অর্থের যথাযথ ব্যবস্থাপনা থাকবে এবং হাসপাতালগুলোতে সেবা সত্যিই কার্যকর হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।