স্বাস্থ্য ক্ষেত্রে মহাদুর্নীতির মহা প্রস্তুতি: দুর্নীতিবাজ সিন্ডিকেটের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর গোপন বৈঠক!

ভাগ্নিজামাইয়ের হাতে বদলি-পদায়ন, বিতর্কিত দুই কর্মকর্তার হাতে কেনাকাটা, আলোচিত ঠিকাদারের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ প্রশ্নের মুখে মন্ত্রী বকুলের সততার দাবি

টেলিভিশন ক্যামেরা সঙ্গে নিয়ে হাসপাতালে আকস্মিক হানা, চিকিৎসক অনুপস্থিত পেলে তাৎক্ষণিক শাস্তির নির্দেশ গত নয় মাসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের এমন দৃশ্য বহুবার দেখেছে দেশ। কিন্তু ক্যামেরার ফ্রেমের বাইরে, তাঁর নিজের মন্ত্রণালয়ের ভেতরে কী চলছে? শীর্ষনিউজের ধারাবাহিক অনুসন্ধান বলছে, যে সিন্ডিকেট ভাঙার অঙ্গীকার নিয়ে তিনি দায়িত্ব নিয়েছিলেন, তাঁর আত্মীয় ও আস্থাভাজনদের ঘিরে সেই সিন্ডিকেটেরই নতুন সংস্করণ গড়ে উঠেছে।

প্রতিশ্রুতির খাতা বনাম নয় মাসের হিসাব

ফেব্রুয়ারি ২০২৬-এর প্রতিশ্রুতিনয় মাস পরের চিত্র (অভিযোগ অনুযায়ী)
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সহাসপাতালের কেনাকাটা ও মন্ত্রণালয়ের ক্রয় শাখা দুই জায়গাতেই অতীতে গুরুতর অভিযোগে আলোচিত কর্মকর্তা
কোনো সিন্ডিকেটের কবলে না পড়াভাগ্নিজামাই, পিএস, এপিএস ও নতুন সচিবকে ঘিরে সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ
৩০ দিনে হাসপাতালে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতকাঠামোগত পরিবর্তন নেই; প্রচারমুখী সারপ্রাইজ ভিজিট
স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রশাসনপ্রতিমন্ত্রীকে এড়িয়ে তিন দিনে ৮৭ নথি অনুমোদন; ব্যাকডেটে বদলানো পদোন্নতির তালিকা

বদলির চাবি পরিবারের হাতে

মন্ত্রণালয়ের সবচেয়ে স্পর্শকাতর কাজগুলোর একটি চিকিৎসকদের বদলি-পদায়ন। সেই দায়িত্বে আছেন যুগ্মসচিব (পার) মোস্তাফিজুর রহমান সম্পর্কে মন্ত্রীর আপন ভাগ্নিজামাই। অভিযোগ রয়েছে, উপসচিব পদে পদোন্নতির জন্য ৮ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসা ২৫ জনের তালিকা থেকে তিনি ও উপসচিব ডা. উম্মে হানি ৭-৮ জনকে বাদ দিয়ে নতুন ৭-৮ জনকে যুক্ত করেছেন, ব্যাকডেটে মহাপরিচালকের সই নিয়েছেন এবং অতিরিক্ত সচিব খোরশেদ আলম ও যুগ্মসচিব সাইফুল ইসলামের বিদেশে থাকার সুযোগে তাঁদের সই ছাড়াই সচিবের অনুমোদনে তালিকাটি জনপ্রশাসনে পাঠিয়েছেন। নতুন যুক্তদের কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা, এসিআর ঘাটতি ও স্বাচিপ-সংশ্লিষ্টতার অভিযোগ আছে; পুরো প্রক্রিয়ায় বড় অঙ্কের লেনদেনের অভিযোগও উঠেছে।

একজন মন্ত্রী যখন নিজের আত্মীয়কে এমন পদে রাখেন, তখন স্বার্থের সংঘাত এড়ানোর দায় তাঁর ওপরই বর্তায়।

কেনাকাটায় পুরোনো মুখ, নতুন ছাতা

সারাদেশের সরকারি হাসপাতালের কেনাকাটার কেন্দ্র সিএমএসডি। এর পরিচালক মোহাম্মদ শফিউর রহমান অতীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে প্লট-জালিয়াতির অভিযোগে আলোচিত; আওয়ামী আমলে তিনি নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিতেন বলেও অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক থাকা এই কর্মকর্তা মন্ত্রীর ভাগ্নিজামাইয়ের ব্যাচমেট ও বন্ধু আর সেই সূত্রেই সিএমএসডিতে এসেছেন বলে অভিযোগ।

মন্ত্রণালয়ের অন্য কেনাকাটা দেখছেন যুগ্মসচিব হেলাল উদ্দীন, যিনি আওয়ামী আমলে সাবেক অর্থসচিব আব্দুর রউফ তালুকদারসহ টানা তিন অর্থসচিবের পিএস ছিলেন। গণঅভ্যুত্থানের পর শাস্তিমূলক পদে পাঠানো এই কর্মকর্তাকে মন্ত্রী নিজেই স্বাস্থ্যে নিয়ে এসেছেন। মন্ত্রণালয়ে ঠাট্টা চলছে দুর্নীতিতে ‘মেসির আগমন’ ঘটেছে; কেউ কেউ বলছেন, ‘রতনে রতন চেনে’।

সচিবও এক ঘাটে

ফ্যামিলি কার্ড কেলেঙ্কারিতে ১৮ আগস্ট প্রত্যাহার হওয়া ড. আ ন ম বজলুর রশীদ ১৫ দিনের মাথায় হয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব। যোগ দেওয়ার মাসখানেকের মধ্যে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের তিন দিনের বিদেশ সফরের সুযোগে ৮৭টি নথি সরাসরি মন্ত্রীর কাছে পাঠিয়ে অনুমোদন করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে যার প্রায় সবই আর্থিক লেনদেন-সংশ্লিষ্ট বলে সূত্রের দাবি। আর সেই নথিতে তড়িঘড়ি সই করেছেন মন্ত্রী নিজেই।

ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে সখ্য?

সবচেয়ে গুরুতর প্রশ্নটি মন্ত্রীকে ঘিরেই। সূত্রের দাবি, আওয়ামী আমলের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু, যিনি গ্রেপ্তার এড়াতে এখন বিদেশে, তাঁর সিন্ডিকেটের সঙ্গে মন্ত্রীর নিয়মিত যোগাযোগ রয়েছে। আরেক বিতর্কিত ঠিকাদার সাজ্জাদ মুন্সীর সঙ্গে গোপন স্থানে মন্ত্রীর বৈঠকের ছবিসহ তথ্য রয়েছে বলেও দাবি করা হয়েছে। সেই বৈঠকে কী নিয়ে কথা হয়েছে, তা এখনো জানা যায়নি।

ক্যামেরা বন্ধ করে জবাব দিন

স্বাস্থ্যখাতের সংস্কার মানে কেনাকাটায় স্বচ্ছতা, নিয়োগে মেধা, বদলিতে নিয়ম আর অনিয়মে দৃশ্যমান শাস্তি। এর কোনোটিই সারপ্রাইজ ভিজিটে হয় না। ডেঙ্গুর মৌসুমে হাসপাতালের বারান্দায় শুয়ে থাকা রোগী মন্ত্রীর ফটোসেশনের অপেক্ষায় থাকে না। নয় মাস পর মন্ত্রী বকুলের সামনে এখন দুটি পথ হয় অভিযোগগুলোর স্বাধীন তদন্ত দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করা, নয়তো ‘ক্যামেরার মন্ত্রী’ হিসেবেই পরিচিত হয়ে থাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।