ডিসেম্বর দোরগোড়ায়, মন্ত্রীর প্রতিশ্রুতি কাগজে! ৪০ কোটির ৯ তলা ভবন ফাঁকা, গাইবান্ধায় রোগীর ঠাঁই মেঝেতে

২ আগস্ট আকস্মিক পরিদর্শনে এসে ডিসেম্বরের মধ্যে নতুন ভবন চালুর আশ্বাস দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সময়সীমা ফুরিয়ে আসছে, অথচ ১০০ শয্যার পুরোনো ভবনেই গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন দিনে ২০০–৩০০ রোগী।

আগামী ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালের নতুন নয়তলা ভবন চালু করা হবে গত ২ আগস্ট আকস্মিক পরিদর্শনে এসে এমন আশ্বাস দিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রতিশ্রুত সেই সময়সীমা এখন দোরগোড়ায়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ঘোষণার পর প্রায় চার মাসেও ভবন চালুর কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়েনি।

ফলে চিত্র বদলায়নি। পাশেই বিশাল নতুন ভবন দাঁড়িয়ে থাকলেও পুরোনো হাসপাতালের বারান্দা, করিডোর আর সিঁড়ির নিচে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। শয্যা না পেয়ে মুমূর্ষু রোগীরাও থাকছেন মেঝেতে।

বুঝে নেওয়ার চার বছর পরও ওপরের তলাগুলো বন্ধ

গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২০১৪ সালে জেলা সদর হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০১৮ সালে ৩৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট লিমিটেড। ২০২২ সালের এপ্রিলের শুরুতে ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।

এরপর চার বছরের বেশি সময় পেরোলেও ভবনটিতে পূর্ণাঙ্গ ইনডোর সেবা চালু হয়নি। বর্তমানে শুধু নিচতলায় টিকিট কাউন্টার, বহির্বিভাগ, ফার্মাসিস্টসহ কয়েকটি সেবা চলছে। ওপরের তলাগুলোতে রোগী ভর্তি ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা এখনো বন্ধ।

শয্যা ১০০, রোগী ২০০–৩০০

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, ১০০ শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ রোগী ভর্তি থাকেন। মৌসুমি রোগের প্রকোপে চাপ আরও বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ও নার্সরা। গত সোমবার ও মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, প্রতিটি ওয়ার্ডে ধারণক্ষমতার কয়েক গুণ রোগী। রোগী-স্বজনের ভিড়ে পা ফেলার জায়গা নেই, চিকিৎসক-নার্সদের চলাচলও ব্যাহত হচ্ছে।

সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের আব্দুল ওয়ারেছ শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার ভর্তি হয়ে ঠাঁই পেয়েছেন বারান্দার মেঝেতে। তাঁর ছেলে মমিনুল ইসলাম বলেন, ‘এত বড় হাসপাতালে বেড নাই। এভাবে গাদাগাদি করে রোগী থাকলে অনেক সমস্যা হয়। চারদিকে দুর্গন্ধে টেকা মুশকিল হয়ে গেছে।’

‘দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই’

গাইবান্ধার সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু জানান, মন্ত্রী ডিসেম্বরের মধ্যে জনবল ও সরঞ্জাম দিয়ে নতুন ভবন চালুর কথা বলেছিলেন; কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

মন্ত্রীর আশ্বাসের পর কতজন চিকিৎসক-নার্স নিয়োগ বা পদায়ন হয়েছে, যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া কোন পর্যায়ে এসব বিষয়ে স্পষ্ট কোনো অগ্রগতির তথ্যও সামনে আসেনি। ফলে প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সংশয় বাড়ছে।

দরকার ৫৫ চিকিৎসক, ১০১ নার্স

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, নতুন ভবনে পূর্ণাঙ্গ সেবা চালু করতে চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি ৫৫ জন চিকিৎসক, ১০১ জন নার্স এবং অন্যান্য পদে জনবল প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। আগামী মাসে সব সংকট কাটিয়ে ভবনটি চালু করা যাবে বলে তিনি আশাবাদী।

কিন্তু প্রশ্ন থেকেই যায় নতুন ভবনে জনবল ও যন্ত্রপাতি লাগবে, এটা তো নির্মাণের সময় থেকেই জানা ছিল। তাহলে ভবন বুঝে নেওয়ার পর এত বছরেও কেন সেই প্রস্তুতি শেষ করা গেল না?

ডিসেম্বরেই পরীক্ষা

মন্ত্রীর পরিদর্শন ও প্রতিশ্রুতি তখনই অর্থবহ হবে, যখন নতুন ভবনের দরজা রোগীদের জন্য খুলবে। ৩৯ কোটি ৭০ লাখ টাকার ভবন থাকতেও যদি রোগীদের মেঝেতে শুতে হয়, তবে সেই উন্নয়নের সুফল কোথায়? ডিসেম্বরেই বোঝা যাবে, প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়, নাকি ভবনটি আরও দীর্ঘদিন তালাবদ্ধ থাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।