ঢামেকের নমুনা বাণিজ্য: চাপে স্বাস্থ্যমন্ত্রীর সিন্ডিকেটবিরোধী অঙ্গীকার

চিকিৎসকের কক্ষ থেকেই দালালের হাতে স্লিপ, পান্থপথ-গ্রিন রোডের গোপন ল্যাবে ছুটছে নমুনা; নিজস্ব ল্যাব ফাঁকা রেখেই চলছে কমিশনের এই অশুভ খেলা

দেশের সাধারণ ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা অসহায় রোগীরা এখানে আসেন একটু স্বস্তি ও সাশ্রয়ী চিকিৎসার আশায়। অথচ সেই আস্থার জায়গাতেই রোগীদের জিম্মি করে গড়ে উঠেছে এক ভয়াবহ ‘স্যাম্পল বাণিজ্য’। হাসপাতালের ভেতরে অত্যাধুনিক প্যাথলজি সুবিধা থাকা সত্ত্বেও, একশ্রেণির অসাধু চিকিৎসক ও দালাল চক্রের যোগসাজশে রোগীদের পরীক্ষার নমুনা রাতের আঁধারে পাচার হয়ে যাচ্ছে বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে।

চিকিৎসকের কক্ষই যেন দালালদের আখড়া অনুসন্ধানী চিত্রে উঠে এসেছে এক উদ্বেগজনক বাস্তবতা। ঢামেকের গাইনি, মেডিসিন, সার্জারি ও জরুরি বিভাগ সবখানেই দালালদের অবাধ বিচরণ। এমনকি রাত ১১টার দিকে গাইনি ওয়ার্ডের মতো সংরক্ষিত জায়গায়, যেখানে সাধারণ পুরুষদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানেও চিকিৎসকদের কক্ষে বহিরাগত যুবকদের দাপট দেখা গেছে। রোগীর স্বজনদের হাতে চিকিৎসকের লেখা পরীক্ষার চিরকুট পৌঁছানোর পরপরই তা লুফে নিচ্ছে এসব দালাল।

রাত গভীর হলে এই তৎপরতা আরও বাড়ে। ভোররাত ৩টার দিকেও এক প্রসূতির স্বামীর কাছ থেকে পরীক্ষার নামে ২ হাজার ৪৫০ টাকা আদায় করতে দেখা গেছে চক্রের এক সদস্যকে। ভুক্তভোগী স্বজনদের অসহায় স্বীকারোক্তি চিকিৎসকরাই তাদের বাইরের ল্যাবে পরীক্ষা করাতে বাধ্য করছেন। প্রশ্ন জাগে, সরকারি হাসপাতালের ভেতরে রোগীর গোপনীয় নথি ও নমুনা সংগ্রহের অধিকার এই বহিরাগত যুবকদের কে দিল?

শাটার নামানো ল্যাবে রাতভর চলে স্যাম্পল ও রিপোর্ট বদল ঢামেক থেকে সংগৃহীত এসব রক্ত, মূত্র ও অন্যান্য নমুনা সোজা চলে যাচ্ছে পান্থপথ ও গ্রিন রোড এলাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। মাত্র এক থেকে দুই ঘণ্টার মধ্যে জরুরি রিপোর্ট দেওয়ার প্রলোভন দেখিয়ে রোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা।

সরেজমিনে দেখা যায়, গ্রিন রোড ও পান্থপথের একটি ভবনের মূল ফটক বাইরে থেকে তালাবদ্ধ বা বন্ধ মনে হলেও ভেতরে পুরোদমে চলছে ল্যাবের কার্যক্রম। সংশ্লিষ্টদের ভাষ্যমতে, ঢাকা মেডিকেল থেকে প্রতি ১৫ মিনিট পরপরও সেখানে নমুনা পৌঁছায়। কোনো ধরনের শীতাতপ নিয়ন্ত্রণ বা সঠিক সংরক্ষণ পদ্ধতি ছাড়াই এভাবে নমুনা পরিবহন এবং নামসর্বস্ব বা অননুমোদিত ল্যাবে পরীক্ষার ফলে রিপোর্টের মান নিয়ে তৈরি হয়েছে চরম শঙ্কা। কারণ, একটি ত্রুটিপূর্ণ রিপোর্টের ওপর ভিত্তি করে দেওয়া ভুল চিকিৎসা কিংবা অস্ত্রোপচার একজন রোগীর জীবন কেড়ে নিতে পারে।

নিজস্ব ল্যাব ফাঁকা, প্রশাসনের জবাব ‘জানা নেই’ সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, যেসব পরীক্ষার জন্য রোগীদের বাইরে পাঠানো হচ্ছে, তার সবকটিরই ব্যবস্থা খোদ ঢাকা মেডিকেলের নিজস্ব প্যাথলজি বিভাগে রয়েছে। কিন্তু অনুসন্ধানকালে হাসপাতালের নির্ধারিত নমুনা সংগ্রহের কাউন্টারটি প্রায় জনশূন্য দেখা গেছে।

এ বিষয়ে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ হোসেন জানান, হাসপাতালে সব ধরনের পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং বাইরে নমুনা পাঠানোর বিষয়টি তার জানা নেই। অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। তবে হাসপাতাল প্রশাসনের নাকের ডগায়, চিকিৎসকদের কক্ষ থেকে নিয়মিত স্যাম্পল পাচার হলেও কর্তৃপক্ষের এই অজ্ঞতা তদারকির চরম ব্যর্থতাকেই স্পষ্ট করে।

স্বাস্থ্যমন্ত্রীর কঠোর অবস্থানের অগ্নিপরীক্ষা স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সিন্ডিকেট ও অনিয়ম ভেঙে দেওয়ার যে জোরালো প্রতিশ্রুতি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী দিয়ে আসছেন, ঢামেকের এই চিত্র সেই অঙ্গীকারের সামনে এক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। দেশের শীর্ষ সরকারি হাসপাতালেই যদি এমন সমান্তরাল বাণিজ্য চলে, তবে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিত্র কতটা ভয়াবহ, তা সহজেই অনুমেয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ কেবল অবকাঠামো উন্নয়ন নয়, বরং সরকারি হাসপাতালে আসা প্রতিটি রোগীর নিরাপদ ও হয়রানিমুক্ত চিকিৎসা নিশ্চিত করা। ঢামেকের এই স্যাম্পল পাচার চক্রের পেছনে থাকা অসাধু চিকিৎসক, কর্মচারী ও বাইরের ডায়াগনস্টিক মালিকদের মুখোশ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি। নতুবা, সিন্ডিকেটবিরোধী সব গর্জন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।