‘ফাটা কেষ্ট’ হতে গিয়ে রোগীর ঝুঁকি বাড়ালেন মন্ত্রী?
রোগীর বিছানায় বসে কাগজপত্র দেখছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দেখায় দৃশ্যটি মন ছোঁয়ার মতো। কিন্তু ছবির ফ্রেমের বাইরে যে প্রশ্নটি থেকে যায়, তা হলো এই দরদের মূল্য কে দেবেন? মন্ত্রী, নাকি বিছানায় শুয়ে থাকা অসহায় রোগী?
সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই চলছে তীব্র সমালোচনা। অনেকে বলছেন, মন্ত্রী আবেগের বশে বসে পড়েছেন। আরেক দলের মত অনেক কড়া। তাঁদের ধারণা, রোগীর বিছানায় বসলে মানুষ বাহবা দেবে, বলবে একজন মন্ত্রী হয়েও কত সাধারণ, যেন গরিবের ‘ফাটা কেষ্ট’। সিনেমার পর্দায় এই চরিত্র হাততালি পায়। হাসপাতালের ওয়ার্ডে এর দাম চুকাতে হতে পারে রোগীকে।
কারণ হাসপাতাল কোনো মঞ্চ নয়। এখানে আবেগের চেয়ে নিয়ম বড়। রোগী ছাড়া অন্য কারও রোগীর বিছানায় বসা উচিত নয়, কেননা এতে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। বাইরে থেকে আসা মানুষের পোশাক ও হাত থেকে জীবাণু পৌঁছে যেতে পারে এমন একজনের কাছে, যাঁর শরীর লড়াই করার অবস্থাতেই নেই। আবার ওয়ার্ডের জীবাণু দর্শনার্থীর সঙ্গে বাইরে যেতে পারে। মুখের মাস্ক এই পুরো ঝুঁকি মুছে দেয় না।
ভেবে দেখুন ওই বিছানায় শুয়ে থাকা মানুষটির কথা। তিনি অসুস্থ, দুর্বল। একজন মন্ত্রী তাঁর বিছানায় বসলে তিনি কি আপত্তি করার অবস্থায় থাকেন? আশপাশের কর্মীরাই বা কতটা সাহস করবেন? ক্ষমতার এই অসম সম্পর্কে রোগীর সুরক্ষার দায় পুরোটাই বর্তায় মন্ত্রীর ওপর। সেখানে নিজের আবেগকে আগে রাখা রোগীর প্রতি সম্মান নয়, বরং তাঁর অসহায়ত্বের মধ্যে তাঁর ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়া।
আবেগ দোষের কিছু নয়। রোগীর পাশে দাঁড়ানো একজন মন্ত্রীর ভালো গুণই হতে পারে। কিন্তু দায়িত্বশীল আবেগ জানে কোথায় থামতে হয়। একটি চেয়ার টেনে নিলেই কথা বলা যেত। দাঁড়িয়ে খোঁজ নেওয়া যেত। তাতে আন্তরিকতা এক বিন্দুও কমত না। কিন্তু কমত ছবির নাটকীয়তা, আর সমালোচকদের প্রশ্ন সেখানেই।
রাজনীতিতে সহজ জনপ্রিয়তার মোহ নতুন কিছু নয়। তবে স্বাস্থ্যখাতে এই মোহের মূল্য বেশি। এখানে একটি অসতর্ক আচরণ শুধু সমালোচনা ডেকে আনে না, রোগীর নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলে। মন্ত্রীর উদ্দেশ্য যা-ই থাকুক, ফলাফল হলো ভালো করতে গিয়ে উল্টো খারাপ। সহানুভূতি প্রকাশের ছবিটি শেষ পর্যন্ত হয়ে উঠেছে স্বাস্থ্যবিধি না মানার ছবি।
মানুষের কাছে পৌঁছানোর আরও অনেক পথ মন্ত্রীর হাতে খোলা আছে। তিনি ওয়ার্ডের পরিচ্ছন্নতা নিজে তদারক করতে পারেন, নার্স ও চিকিৎসকদের সঙ্গে বসে সংকটের কথা শুনতে পারেন, ওষুধের মজুত যাচাই করতে পারেন। এসব কাজে হয়তো নাটকীয় ছবি মিলবে না, কিন্তু মানুষের সত্যিকারের উপকার হবে। যে কাজ রোগীর ঝুঁকি বাড়ায়, তা দিয়ে জনপ্রিয়তা কেনা উচিত নয়।
মানুষ মন্ত্রীর কাছে কী চান, সেটিও ভাবার সময় এসেছে। রোগী চান সময়মতো ওষুধ, স্যালাইন, একটি বেড, পর্যাপ্ত নার্স ও চিকিৎসক। মন্ত্রী তাঁর বিছানায় এসে বসলেন কি না, তাতে তাঁর রোগ সারে না। অথচ ন্যাশনাল নার্সেস ফোরাম বলছে, হাসপাতালগুলো ধারণক্ষমতার বহুগুণ রোগীর চাপে চলছে, জনবলও প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। মাদারীপুরের কালকিনিতে স্যালাইন না পাওয়ার অভিযোগ ঘিরে চার নার্সিং কর্মকর্তাকে বদলির ঘটনায় সংগঠনটির ক্ষোভ এখনো তাজা।
এই বাস্তবতায় রোগীর বিছানায় মন্ত্রীর ছবি দরদের প্রতীক হয়ে ওঠেনি, হয়ে উঠেছে অগ্রাধিকার গুলিয়ে ফেলার প্রতীক। মাননীয় মন্ত্রী, জনতার বাহবা ক্ষণস্থায়ী, কিন্তু একজন রোগীর সংক্রমণ স্থায়ী ক্ষতি করে যেতে পারে। বিছানা ছেড়ে এবার সমাধানের কাজে বসুন।
