প্রায় ছয় বছরে তিন দরপত্র, তবু শেষ হয়নি ডায়ালাইসিস মেশিন কেনা: বারবার শর্ত বদল কেন?
২০২০ সালে অনুমোদিত প্রকল্প, তিন দফা দরপত্র, প্রতিবারই বদলে যাওয়া শর্ত। প্রায় ছয় বছর পরও দেশের কিডনি রোগীদের জন্য ১ হাজার ৩০টি ডায়ালাইসিস মেশিন কেনার কাজ শেষ হয়নি। সেবা বাড়ানোর লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ ঘিরে এখন বড় প্রশ্ন, দরপত্রের শর্তগুলো কি রোগীর প্রয়োজন বিবেচনায় বদলাচ্ছে, নাকি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের সুবিধার জন্য?
এক প্রকল্পে তিন রকম শর্ত
শর্ত বদলের স্পষ্ট উদাহরণ সরবরাহকারীর অভিজ্ঞতা। প্রথম দরপত্রে চাওয়া হয়েছিল ৭০ কোটি টাকার অভিজ্ঞতা। পরের দরপত্রে সেই শর্ত নেমে আসে দেড় কোটি টাকায়। আর সর্বশেষ দরপত্রে তা তোলা হয়েছে ১৬০ কোটি টাকায়, সঙ্গে চাওয়া হয়েছে অন্তত ১ হাজার ৩০টি মেশিন সরবরাহ ও স্থাপনের অভিজ্ঞতা।
মেশিনের বিবরণেও এসেছে পরিবর্তন। সর্বশেষ দরপত্রে মনিটর ১৫ ইঞ্চি থেকে কমিয়ে ১০ ইঞ্চি করা হয়েছে, কিন্তু মেশিনপ্রতি সম্ভাব্য মূল্য ২১ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ লাখ টাকা। অর্থাৎ তুলনামূলক কম ফিচারের যন্ত্রের জন্যই বেশি অর্থ ব্যয়ের প্রস্তাব দেখা যাচ্ছে। একবার ১৫ ইঞ্চি মনিটরের আধুনিক মেশিন চেয়ে পরে কেন তা ১০ ইঞ্চিতে নামল, আর অভিজ্ঞতার শর্তে এই ওঠানামাই বা কেন, সে জবাব এখন জরুরি।
রোগীর চিকিৎসায় প্রভাব পড়বে কি?
সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, ডাবল-পাম্প ও ডুয়েল-চেম্বারের মতো আধুনিক প্রযুক্তির জায়গায় সিঙ্গেল-পাম্প ও সিঙ্গেল-চেম্বারের অপেক্ষাকৃত পুরোনো প্রযুক্তির মেশিন চাওয়া হয়েছে। বিশেষজ্ঞদের ভাষ্য, আইসিইউতে থাকা, গুরুতর অসুস্থ বা জটিল রোগীদের ক্ষেত্রে মেশিনের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেনার পরও থেকে যেতে পারে খরচের বোঝা
উদ্বেগ আছে মেশিন কেনার পরের সময় নিয়েও। নির্দিষ্ট ধরনের জীবাণুনাশক ও অন্যান্য উপকরণের ওপর নির্ভরতা তৈরি হলে সরকারের দীর্ঘমেয়াদি ব্যয় বাড়তে পারে। ডায়ালাইজারসহ আনুষঙ্গিক সামগ্রীতে বিকল্প সরবরাহকারীর পথ সীমিত হয়ে গেলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওপরই নির্ভর করতে হতে পারে।
আশ্বাসের পরীক্ষা, জবাবদিহির প্রশ্ন
প্রকল্প পরিচালকের ভাষ্য, টেকনিক্যাল কমিটির পর্যালোচনার পর প্রয়োজন হলে স্পেসিফিকেশন বদলানো হবে এবং দেশি-বিদেশি সব প্রতিষ্ঠান যেন প্রতিযোগিতার সুযোগ পায়, সে চেষ্টা করা হবে। এখন এই আশ্বাসেরই পরীক্ষা। উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক দরপত্রই যদি লক্ষ্য হয়, তাহলে অস্বাভাবিক শর্তগুলোর ব্যাখ্যা প্রকাশ্যে দিতে আপত্তি থাকার কথা নয়।
প্রশ্ন আছে মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও। এত বড় ক্রয়ে বারবার স্পেসিফিকেশন বদলের ওপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের নজরদারি কতটুকু? স্বাস্থ্যমন্ত্রী সরাসরি সম্পৃক্ত, এমন কোনো প্রমাণ সামনে আসেনি। তবু কারিগরি শর্তগুলো কীভাবে এবং কার সুপারিশে বদলাচ্ছে, মন্ত্রী কি তা জানেন? কোনো প্রতিষ্ঠান সুবিধা পেয়ে থাকলে এর পেছনে কার প্রভাব রয়েছে, সে উত্তর জানার অধিকার জনগণের আছে।
সরকারকে যা স্পষ্ট করতে হবে
১০৩০টি মেশিন কেনার আগে অন্তত পাঁচটি প্রশ্নে সরকারের স্পষ্ট অবস্থান দরকার:
- মনিটর ১৫ ইঞ্চি থেকে ১০ ইঞ্চিতে নামানোর পেছনে কারিগরি যুক্তি কী?
- ফিচার কমলেও মেশিনের সম্ভাব্য দাম বাড়ছে কেন?
- অভিজ্ঞতার শর্ত ১৬০ কোটি টাকা নির্ধারণের ভিত্তি কী?
- নির্দিষ্ট কোম্পানির ডায়ালাইজার বা রাসায়নিকের ওপর ভবিষ্যতে নির্ভর করতে হবে কি?
- সর্বোপরি, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দিতে কি দরপত্রের শর্ত পরিবর্তন করা হয়েছে?
১ হাজার ৩০টি মেশিনের এই ক্রয় কেবল একটি সরকারি কেনাকাটা নয়। এর সঙ্গে যুক্ত হাজার হাজার কিডনি রোগীর জীবন, সরকারি অর্থ এবং আগামী বহু বছরের চিকিৎসা ব্যয়। এখানে ব্যবসায়িক স্বার্থের সুযোগ তৈরি হলে তার মাশুল গুনতে হবে রোগী ও রাষ্ট্রকেই। তাই কারিগরি স্বচ্ছতার সঙ্গে মন্ত্রণালয় পর্যায়ের জবাবদিহিও নিশ্চিত করতে হবে। সরকারি অর্থের এই কেনাকাটায় লাভবান হবে কে, সে উত্তর মিলতে হবে কেনাকাটার আগেই।
