হাসপাতাল পরিদর্শনে ব্যস্ত মন্ত্রী, অথচ ৬২% অক্সিজেন প্লান্ট অচল

স্বাস্থ্যমন্ত্রী যেন হাসপাতাল পরিদর্শনেই ব্যস্ত। আজ এক জেলা, তো কাল আরেক জেলা হঠাৎ করে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে হাজির হয়ে কর্মকর্তারা উপস্থিত আছেন কি না, রোগীদের খাবারের মান কেমন, বাথরুম পরিষ্কার কি না এসব খুঁটিনাটি বিষয় দেখছেন তিনি। পরিদর্শনের সময় সঙ্গে থাকে ক্যামেরাও। এরপর গণমাধ্যমের সামনে একের পর এক ঘোষণা এটি ঠিক করা হবে, সেটি উন্নত করা হবে, ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব দৃশ্যমান তৎপরতার বাইরে দেশের স্বাস্থ্যব্যবস্থার সবচেয়ে জরুরি সংকটগুলো নিয়ে মন্ত্রীর কার্যকর উদ্যোগ কোথায়?

সরকারি হাসপাতালের অবকাঠামো, চিকিৎসক-নার্স ও জনবল সংকট, ওষুধের অনিয়মিত সরবরাহ, জরুরি চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা কিংবা জীবনরক্ষাকারী অক্সিজেন ব্যবস্থার মতো মৌলিক বিষয়গুলো যখন মানুষের জীবন-মৃত্যুর সঙ্গে সরাসরি সম্পর্কিত, তখন হাসপাতালের বাথরুম পরিষ্কার আছে কি না কিংবা কোন কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত ছিলেন এসব বিষয়ই কি একজন স্বাস্থ্যমন্ত্রীর সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত?

সাম্প্রতিক এক প্রতিবেদনে দেশের সরকারি হাসপাতালগুলোর অক্সিজেন প্লান্টের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলোর ৬২ শতাংশ অক্সিজেন প্লান্টই অচল।

অক্সিজেন কোনো হাসপাতালের সাজসজ্জার বিষয় নয়। একজন মুমূর্ষু রোগীর জন্য এটি জীবন বাঁচানোর অন্যতম মৌলিক উপাদান। অথচ দেশের সরকারি হাসপাতালগুলোর বড় একটি অংশে অক্সিজেন প্লান্ট অচল থাকার মতো গুরুতর বাস্তবতা সামনে আসার পরও স্বাস্থ্যমন্ত্রীর প্রকাশ্য বক্তব্যে বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে সেটিই এখন বড় প্রশ্ন।

মন্ত্রী যদি হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্মকর্তা উপস্থিত আছেন কি না, রোগীদের খাবার ঠিকমতো দেওয়া হচ্ছে কি না কিংবা বাথরুম পরিষ্কার কি না এসব দেখেন, সেটি অবশ্যই প্রশাসনিক দায়িত্বের অংশ। কিন্তু একজন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব কেবল পরিদর্শন করা নয়; পরিদর্শনে পাওয়া সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করাও তাঁর দায়িত্বের অংশ।

শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে ‘ব্যবস্থা নেওয়া হবে’ বললেই স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তন আসে না। প্রয়োজন নিয়মিত তদারকি, জবাবদিহি, বাজেটের সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং সমস্যার স্থায়ী সমাধান।

আর এখানেই মন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনার জায়গাটি তৈরি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের দৃশ্যমান তৎপরতা যতটা চোখে পড়ে, তার তুলনায় স্বাস্থ্য খাতের কাঠামোগত সংকট মোকাবিলায় দৃশ্যমান ও পরিমাপযোগ্য ফলাফল কতটা পাওয়া যাচ্ছে সেই প্রশ্নের উত্তর সাধারণ মানুষের কাছে এখনও স্পষ্ট নয়।

এর মধ্যেই কখনো কখনো স্বাস্থ্যের মূল দায়িত্বের বাইরে মন্ত্রীর বক্তব্যে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের মতো বিষয়ও সামনে আসে। দেশের হাসপাতালগুলোতে জীবনরক্ষাকারী অক্সিজেন প্লান্ট অচল, অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারকের বক্তব্যে সেই সংকটের পরিবর্তে সমুদ্রের গ্যাস অনুসন্ধান বা উত্তোলনের প্রসঙ্গ গুরুত্ব পেলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার আসলে কোথায়?

একজন স্বাস্থ্যমন্ত্রীর কাছে জনগণের প্রত্যাশা খুব বেশি কিছু নয়। সরকারি হাসপাতালে গিয়ে শুধু কে উপস্থিত আর কে অনুপস্থিত তা দেখা নয়; বরং কেন চিকিৎসক সংকট তৈরি হচ্ছে, কেন যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে থাকে, কেন অক্সিজেন প্লান্ট চালু রাখা যায় না, কেন রোগীদের প্রয়োজনীয় সেবা পেতে বেসরকারি হাসপাতালে ছুটতে হয় এসব প্রশ্নের উত্তর এবং সমাধান নিশ্চিত করা।

স্বাস্থ্য খাতে জনপ্রিয়তা অর্জনের সবচেয়ে কার্যকর পথও সম্ভবত হাসপাতালের দরজায় হঠাৎ হাজির হওয়া নয়। বরং এমন একটি সরকারি স্বাস্থ্যব্যবস্থা তৈরি করা, যেখানে রোগী চিকিৎসা পাবে সময়মতো, প্রয়োজনীয় ওষুধ পাবে, অক্সিজেনের জন্য ছোটাছুটি করতে হবে না এবং হাসপাতালের সেবা পেতে তাকে মন্ত্রীর আকস্মিক পরিদর্শনের ওপর নির্ভর করতে হবে না।

ক্যামেরার সামনে হাসপাতাল পরিদর্শন সহজ; কিন্তু অচল অক্সিজেন প্লান্ট সচল করা, বছরের পর বছর ধরে থাকা অব্যবস্থাপনা দূর করা এবং স্বাস্থ্যব্যবস্থার কাঠামোগত দুর্বলতা ঠিক করা অনেক কঠিন। সেই কঠিন কাজটিই এখন স্বাস্থ্যমন্ত্রীর সামনে সবচেয়ে বড় পরীক্ষা।

প্রশ্ন তাই একটাই মন্ত্রী কি হাসপাতাল পরিদর্শনের দৃশ্যমান তৎপরতার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, নাকি ৬২ শতাংশ অচল অক্সিজেন প্লান্টের মতো জীবন-মরণ প্রশ্নগুলোর স্থায়ী সমাধানেও তাঁর কার্যকর নেতৃত্বের প্রমাণ দেবেন?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।